২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল আইনে সাংবাদিক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2021, 12:36 AM

Updated : 02 Aug 2022, 06:04 PM

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই সাংবাদিক মামলার খোঁজখবর নিতে থানায় আসলে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান।

গ্রেপ্তার তানভির হাসান তানু তিনি ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, দৈনিক ইত্তেফাক এবং জাগোনিউজের জেলা প্রতিনিধি। এছাড়াও ঠাকুরগাঁও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তিনি। শহরের হাজীপাড়া এলাকার আবু তাহেরের ছেলে তানু।

মামলার বরাতে ওসি তানভিরুল ইসলাম বলেন, বর্তমানে সাংবাদিক তানভির হাসান তানু ঠাকুরগাঁও সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

গত ৯ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাদিরুল আজিজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক) ২৫(১)(খ) ২৯(১)/৩১(১)/৩৫(১) ধারায় সদর থানায় একটি মামলা করেন।

মামলায় ‘সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট জনরোষ সৃষ্টিকারী মানহানিকর’ দাবি করে হাসপাতালের ডা. নাদিরুল আজিজ বাদী হয়ে মামলা করেন।

মামলায় স্থানীয় সাংবাদিক তানভির হাসান তানু, রহিম শুভ, আব্দুল লতিফ লিটুকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।

গত ৫ ও ৬ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের খাবার নিয়ে জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অনলাইন সংস্করণে ‘সংবাদ প্রকাশ করেছিল’।

এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটার নিরাপত্তা আইনে মামলা ও সাংবাদিক তানভির হাসান তানুকে গ্রেপ্তার করার প্রতিবাদ জানিয়েছে ঠাকুরগাঁও প্রেসক্লাব, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ ঠাকুরগাঁওয়ের সাংবাদিক মহল।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনা মহামারী মোকাবেলায় অপ্রতুল পদক্ষেপের কথাগুলো যখন সাংবাদিকরা তুলে ধরছে এবং পুনর্গঠনের পথ খুঁজে পেতে আলোচনার সুযোগ করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় গণমাধ্যমের ওপর আঘাত আমাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাকেই বিপন্ন করবে।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার পর এক সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে মামলা প্রত্যাহার ও তানুর নিঃশর্ত মুক্তি দাবি করছি।

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতাকে বাকরুদ্ধ করতে চায় একটি গোষ্ঠী। তাই প্রতিহিংসাপরায়ণ হয়ে ও ব্যক্তিস্বার্থে যারা এ আইনের চরম অপব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

সাংবাদিক তানভির হাসান তানুর নিঃশর্ত মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন করা হবে বলে জানান সাংবাদিক নেতারা।