২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা পাড়ের সড়ক পানির তলে, নৌকায় বসে ভাতা গ্রহণ

চাঁদপুরের মেঘনা নদীর পশ্চিমে চরাঞ্চলের সড়কগুলো বর্ষার পানিতে তলিয়ে গেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2021, 10:19 PM

Updated : 02 Aug 2022, 06:03 PM

যে কারণে ইউনিয়ন পরিষদে এসে সরকারি ভাতা তোলা সম্ভব হয়নি গ্রহীতাদের।

ইউপি চেয়ারম্যানের উদ্যোগে শনিবার ইঞ্জিন চালিত নৌকায় বসেই এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ও প্রতিবন্ধী ভাতা নিয়েছেন তারা।

সকাল থেকে বিকাল পর্যন্ত চাঁদপুর সদর উপজেরার রাজরাজেশ্বর ইউনিয়নের বাঁশগাড়ী এলাকায় নৌকায় সুবিধাভোগী ৮ থেকে ১০ জন করে নারী উঠিয়ে ভাতার অর্থ তুলে দেন চেয়ারম্যান হযরত আলী বেপারী। এরপর তাদের গন্তব্যে পৌঁছিয়েও দেন তিনি।

এভাবে গত চারদিন ইউনিয়ন পরিষদ এলাকা, মুগাদি, গোয়াল নগর, রায়েরচর এলাকায় ঘুরে ঘুরে ভাতা বিতরণ করেছেন এ চেয়ারম্যান।

চেয়ারম্যান হযরত আলী বেপারী বলেন, চরাঞ্চলে পদ্মা-মেঘনার ভাঙনে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। যে কারণে ইউনিয়ন পরিষদে এসে ভাতা তোলা সম্ভব না। ইউনিয়নের ৯ ওয়ার্ডের জন্য ৪ এলাকায় ব্যাংক এশিয়ার শাখা করে দিয়েছি। সেখান থেকে সুবিধাভোগীরা তাদের ভাতা তুলবেন। আর যারা বিচ্ছিন্ন চরে বাস করেন তাদেরকে স্বাস্থবিধি মেনে নৌকা উঠিয়ে ভাতা বিতরণ করছি।

তিনি জানান, তাদের ইউনিয়নে বয়স্ক ভাতা পান ৬৫০ জন, বিধবা ভাতা ২৩২ জন, প্রতিবন্ধী ভাতা ১৪৪ জন এবং মাতৃত্বকালীন ভাতা এককালীন ১২৭ জন।

তিনি আরও জানান, করোনাকালীন সময়ে সরকার কর্মহীন ৭শ’ জনকে ৫শ’ টাকা করে দিয়েছে। আগামী মঙ্গলবার থেকে ওই অর্থ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।

এছাড়াও ঈদের আগে সরকার দুঃস্থ পরিবারকে বিজিএফ এর মাধ্যমে সহযোগিতা অব্যাহত রেখেছে। সেটিও খুব শীগগীরই চলে আসবে।