২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ব্রহ্মপুত্র নদীর ভাঙনে বিলীন জমি-ভিটেমাটি

ব্রহ্মপুত্র নদীর ভাঙনে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর গ্রামের বহু ফসলি জমি ও ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2021, 10:55 AM

Updated : 10 Oct 2022, 06:05 PM

স্থানীয়রা বলছেন, চুনিয়ারচর গ্রামের প্রায় এক কিলোমিটার জুড়ে ব্রহ্মপুত্র নদীর ভাঙনে প্রতি মুহূর্তে ফসলসহ জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। এর আগে কিছুদিনের ব্যবধানে চারটি বাড়ির ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

অনেকেই ভিটেমাটি ও আবাদী জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন। নদী তীরবর্তী এলাকার লোকজন তাদের বাড়ি-ঘর সরিয়ে অন্যত্র চলে গেছেন।

ভাঙন অব্যাহত থাকলে পুরো চুনিয়ারচর গ্রামই নদী গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা তাদের।

শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন জানান, গত দুই সপ্তাহ ধরে তীব্র নদী ভাঙনে চুনিয়ারচর,ভাগলগড়, জঙ্গলদি এবং ডাকপাড়ার বাড়িঘরসহ অনেক ফসলিজমি বিলীন হয়ে গেছে।

“এ ভাবে যদি ভাঙতে থাকে তাহলে পুরনো গ্রামগুলি ও সরকারি প্রতিষ্ঠান যেগুলি আছে সেগুলি নদী গর্ভে চলে যাবে। এভাবে চলতে থাকলে আবাদ ফসল করার কোন জমি থাকবে না।“

এদিকে নদী ভাঙনে ফসলি জমি হারিয়ে চুনিয়ারচর গ্রামের অনেক কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। ভাঙন প্রতিরোধে চুনিয়ারচরের ব্রহ্মপুত্র নদী তীরে বাঁধ নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা।

চুনিয়ারচরের কৃষক আবু বকর সিদ্দিক বলেন, “গত কিছু দিন আগে থাইকা ব্রহ্মপুত্র নদীর ভাঙন চলছে। গত ১৫ দিন ধরে ভাঙন তীব্র হয়ে গ্রামের একদম কাছাকাছি চইলা আসছে। আমাদের প্রত্যেকের মনে করেন এক কুর, দুইকুর, তিনকুর পাঁচকুর করে জমি ভাইঙ্গা চইলা গেছে।”

কৃষক আব্দুল কাদের বলেন, “আমার নিজস্ব এক একর জমিন পাঁচদিন আগে নদীতে চইলা গেছে। আমরা এই গ্রামে থাকতে পারব কিনা সে ভয় ডুইকা গেছে। নদী ভাঙতে ভাঙতে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল ও মসজিদের কাছে আইসা গেছে।”

কৃষক মোহদুল ইসলাম বলেন, “আমার অনেক জমি আছিল। নদী ভাঙনে সব বিলীন হয়ে গেছে গা। আমাদের চুনিয়ার আমাদের গ্রামডা রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যাতে একটা বেড়িবাঁধ নির্মাণ করে দেন সেজন্য তার কাছে আবেদন জানাচ্ছি।”

ওই এলাকার ইসমত আলী বলেন, ব্রহ্মপুত্র নদীর ভাঙনে চুনিয়ারচর গ্রামডার ইতোমধ্যেই অনেক বাড়িঘর নদী ভেঙে গেছে। অনেক জমাজমি ফসলসহ নদী গ্রাস করেছে।

“প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, তিনি যেন জরুরি ভিত্তিতে একটা বেড়িবাঁধ স্থাপনের ব্যবস্থা করেন। তা না করা হলে আমাদের গ্রাম চুনিয়ারচর নিশ্চিহ্ন হয়ে যাবে।“

চুনিয়ারচর, ডাকপাড়া, কুলুরটর, ভাগলগড় ও জঙ্গলদি পাশাপাশি চারটি গ্রামে ২০ হাজার লোকের বসবাস জানিয়ে ইসমত বলেন, “ভাগলগড় ভেঙে নদী গর্ভে বিলীন হয়েছে। এখন চুনিয়ারচর ভাঙছে। ডাকপাড়া অনেকখানি ভেঙেছে। কুলুরচর গ্রামও অর্ধেক নদীগর্ভে চলে গেছে।”

চুনিয়ারচরের আরেক বাসিন্দা ইদ্রিছ আলী বলেন, “আমাদের জায়গা ভাইঙা নদীতে চলে যাওয়ায় আমরা অহন বউ-পোলাপান নিয়া অসহায় অইয়া গেছি গা। এর মধ্যে চাইড্ডা বাড়ি ভাইঙা গেছে। আমগরে থাকবার মতো কোন জায়গা নাই।”

বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী বলেন, “চুনিয়ারচর গ্রামবাসীর পক্ষ থাইকা এই ডাই কতা ভাঙডা যেভাবে বন্ধ করা যাবো সেইডাই সরকার কইরা দেক।”

এদিকে শুক্রবার বিকালে শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ পুরনো ব্রহ্মপুত্র নদী সংলগ্ন চুনিয়ারচরের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন গ্রামবাসীদের।

এ ব্যাপারে শেরপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান বলেন, ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। বাজেট পেলে ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণ করা হবে।