২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় রেকর্ড ৭১ মৃত্যু, আরও হাসপাতাল কোভিড চিকিৎসায়

খুলনা বিভাগে সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭১ জনের মৃত্যু হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2021, 04:47 PM

Updated : 02 Aug 2022, 06:03 PM

একই সময় শনাক্ত হয়েছেন এক হাজার ৬৫৬ জন। শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিপ্ততরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

চিকিৎসকরা বলেছেন, লকডাউনের আগেই সংক্রমণ ছড়িয়ে পড়ায় শনাক্ত ও মৃত্যুর সংখ্য বেড়েছে।

রাশেদা বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগে সবচেয়ে বেশি ২৩ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। এছাড়া কুষ্টিয়ায় ১৪ জন, যশোরে নয়জন, ঝিনাইদহে ১০ জন, চুয়াডাঙ্গায় ছয়জন, মেহেরপুরে পাঁচজন, বাগেরহাটে দুইজন, নড়াইল ও মাগুরায় একজন করে মারা গেছেন।

তিনি বলেন, সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগে মোট শনাক্ত হয়েছেন ৬৯ হাজার ১৮৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৪৮৭ জন। সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৭২৭ জন।

রাশেদা বলেন, পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় খুলনা শহরে আরও কয়েকটি বড় বেসরকারি হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে রোববার থেকে নতুন হাসপাতালগুলো চালু হবে।

ইতোমধ্যেই খুলনা শহরের চারটি হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ৬৫৬ জনের পরীক্ষায় শনাক্তের হার ৪৫ শতাংশ। এর আগে বৃহস্পতিবার এই হার ছিল ৩৯ আর বুধবার ছিল ৩৪ শতাংশ।

জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৮ হাজার ১৯৪ জনের। মারা গেছেন ৩৯২ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ২৯১ জন।

খুলনার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, জেলায় বর্তমানে পাঁচ হাজারের মত কোভিড রোগী রয়েছেন। তাদের মধ্যে প্রায় সাড়ে চার হাজার রোগী বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, লকডাউনের আগেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সে কারণে শনাক্ত ও মৃত্যুর হার বেড়েছে। লকডাউন অব্যাহত থাকলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে অল্প সময়ের মধ্যে সংক্রমণ কমবে বলে আশা করা যায়।