করোনাভাইরাসে ৩ মৃত্যু রাজশাহী মেডিকেলে, শনাক্ত কমেছে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময় জেলায় শনাক্তের হারও কমেছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে তিনজন কোভিড আক্রান্ত ছিলেন। বাকি ১৫ জন শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
মৃতদের মধ্যে দশজন রাজশাহীর। বাকিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের দুইজন, নওগাঁর দুইজন, কুষ্টিয়ার একজন ও সিরাজগঞ্জের একজন।
শামীম জানান, এর আগে বৃহস্পতিবার রাজশাহীর মেডিকেলের কোভিড ইউনিটে ১৮ জন, বুধবার ১৯ জন ও মঙ্গরবার ১৮ জনের মৃত্যু হয়। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও পাঁচজন নারী।
এদের মধ্যে পাঁচজনের বয়স ৬১ বছরের উপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের চারজন, ৩১ থেকে ৪০ বছরের বয়সের একজন, ২১ থেকে ৩০ বছর বয়সের দুইজন ও ১১ থেকে ২০ বছর বয়সের একজন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে ৭৪ জন ভর্তি হয়েছেন বলে পরিচালক জানান।
একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২ জন। এ দিন সকাল পর্যন্ত ৪৫৪ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৫০১ জন। আর আইউসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২০ জন।
এদিকে রাজশাহীতে করোনাভাইরাসের সংক্রমণের হার কমেছে জানিয়ে শামীম বলেন, বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। যার শনাক্তের হার ১৮ দশমিক ১৬ শতাংশ।
আগের দিন বুধবার যা ছিল ২৬ দশমিক ৫৭ শতাংশ। এর আগে গত মঙ্গলবার ছিল ২১ দশমিক ৯২ শতাংশ, গত সোমবার ২৯ দশমিক ০৩ শতাংশ, গত রোববার ছিল ৩৪ দশমিক ০৯ শতাংশ আর শনিবার ছিল ৩৩ দশমিক ৮৩ শতাংশ।-
