গাজীপুরে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক
জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সহকারী পরিচালক হিসেবে ভুয়া পরিচয় দেওয়া একজনকে আটক করা হয়েছে গাজীপুরে।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার হরিপুর এলাকার মো. কবির ইসলামের ছেলে এসএম শাহীন (৩৮)।
গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) রিপন সরকার জানান, গাজীপুরের বিভিন্ন এলাকায় রাজনৈতিক নেতাসহ বিভিন্ন ব্যক্তির কাছে শাহীন এনএসআই এর সহকারী পরিচালক পরিচয় দিয়ে আসছিলেন।
বিভিন্ন ব্যক্তিকে এনএসআই সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে ‘মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন শাহীন’। বিষয়টি গাজীপুর জেলা এনএসআইয়ের নজরে আসে। তার উপর নজরদারি করে এনএসআই।
বৃহস্পতিবার দুপুরে আটক করার সময় তার কাছ থেকে তার ছবিযুক্ত নকল এনএসআই এর পরিচয়পত্র জব্দ করা হয়েছে বলেন তিনি।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
