অক্সিজেন, ওষুধ বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন বোয়ালমারীর চেয়ারম্যান
কোভিড আক্রান্ত রোগীর পরিবার ফোন করলে বাড়িতে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন।
একই সঙ্গে রোগীর জন্য ভিটামিন-সিযুক্ত ফলমূল, করোনা সুরক্ষা সামগ্রী হিসেবে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক ও প্রয়োজনীয় ওষুধও দেওয়া হচ্ছে।
বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এমএম মোশাররফ হোসেন নিজ এলাকায় করোনা রোগীর পাশে দাঁড়িয়েছেন এই উদ্যোগে।
তার পক্ষ থেকে একদল স্বেচ্ছাসেবক এসব সামগ্রী রোগীর বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন।
এই স্বেচ্ছাসেবক টিমের এক সদস্য উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম বাকের ইদ্রিস জানান, চারটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে গত এক সপ্তাহে অন্তত ১০ জন করোনা আক্রান্ত রোগীকে অক্সিজেন সহায়তা দেওয়া হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা এমএম মোশাররফ হোসেন বলেন, “এবার আমি সম্পূর্ণ নিজ উদ্যোগে এলাকায় এ পর্যন্ত জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত চার শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারে ফলমূল, সুরক্ষা সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিয়েছি।”
গত বছর করোনা শুরু হলে একইভাবে তিনি কয়েক হাজার পরিবারকে ত্রাণ সহায়তা হিসেবে ব্যক্তিগতভাবে চাল, ডাল ও অন্যান্য খাদ্য সামগ্রী পৌঁছে দিতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হয়েছিলেন।
তাই এ বছর একদল স্বেচ্ছাসেবক এ কাজে তাকে সহায়তা করছেন।
