চিকিৎসককে ‘মারধর’, মুক্তাগাছায় যুবলীগ নেতা গ্রেপ্তার
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে মারধরের মামলায় স্থানীয় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে মুক্তাগাছা উপজেলা যুবলীগ সভাপতি মাহবুবুল হক মনিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মেডিকেল অফিসার ডা. এএইচ এম সালেকীন মামুনকে মারধরের অভিযোগে থানা মামলা হয়।
ডা. এএইচ এম সালেকীন মামুন বলেন, মঙ্গলবার দুপুরে হাসপাতালে দায়িত্ব পালনকালে উপজেলা যুবলীগ সভাপতি পরিচয়ে মনি তাকে কল দিয়ে বাসা থেকে তার মায়ের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা আনতে বলেন। ওই সময় তিনি বাসা থেকে নমুনা সংগ্রহ বন্ধ জানালে তিনি ফোন কেটে দেন।
“এর আধঘণ্টা পর মনি কয়েকজনকে সঙ্গে নিয়ে হাসপাতালে এসে গালাগাল দেন এবং দরজা জানালা বন্ধ করে আমাকে মারধর করেন। পরে থানায় একটি লিখিত অভিযোগ দেই।”
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “মঙ্গলবার দুপুরে যুবলীগ নেতা মাহবুবুল হক মনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মারধর করেন। এ সময়ে আমাদের উপর আঘাত কোনোভাবে মেনে নিতে পারছি না। যাই হোক মনিকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা এর সর্বোচ্চ শাস্তি দাবি করছি “্র”
জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর রাতে মাহবুবুল হক মনিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। এই সময়ে চিকিৎসক, পুলিশ এবং সাংবাদিকরা হচ্ছে সম্মুখসারির যোদ্ধা তাদের উপর আঘাত কোন ভাবেই মেনে নেওয়া হবে না। সে যাই হোক তাকে আইনের আওতায় আসতেই হবে।
