২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে নতুন স্কুলভবন হস্তান্তরের আগেই ছাদ চুইয়ে পানি

শরীয়তপুর সদর উপজেলায় একটি স্কুলভবন নির্মাণের পর ‘হস্তান্তরের আগেই ছাদ চুইয়ে পানি পড়ছে’। তাছাড়া বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2021, 01:25 PM

Updated : 10 Oct 2022, 06:05 PM

খায়ের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ভবনের দরজা-জানালাও সব সময় খোলা যায় না বলে অভিযোগ উঠেছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মস্তফা বলেন, ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর ২০১৩ সালের ১ জানুয়ারি বিদ্যালয়টি সরকারি করা হয়। এরপর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় ২০১৮ সালে স্থানীয় সরকার বিভাগ ভবন নির্মাণের দরপত্র আহ্বান করে।

“মেসার্স ঢালী কনস্ট্রাকশন কাজটি পায়। ৬৪ লাখ ৩৩ হাজার ৮৪৮ টাকায় ভবনটির নির্মাণকাজ শেষ হয় ২০২০ সালে। কিন্তু নিম্নমানের নির্মাণসামগী দিয়ে কাজ করায় হস্তান্তরের আগেই ছাদ চুইয়ে পানি পড়ছে। বিম ও কলামে দেখা দিয়েছে ফাটল।”

সম্প্রতি ওই বিদ্যালয়ে গিয়ে ছাদ চুইয়ে আসা পানিতে সিলিং ও দেয়াল ভেজা দেখা গেছে। তাছাড়া বিভিন্ন জায়গায় দেখা গেছে ফাটল।

মেসার্স ঢালী কনস্ট্রাকশনের মালিক আংগারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়র হোসেন হাওলাদার।

স্কুলভবন নির্মাণ শেষে তা হস্তান্তর করা হয়েছে দাবি করে তিনি বলেন, “উপজেলা প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীকে বলেছি দেখিয়ে দিতে। তারা আজ-কাল করে কালক্ষেপণ করছেন। এজন্য আমি সমাধান করতে পারছি না।”

ছাদ দিয়ে পানি চুইয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, “কিছু জায়গা ঢালাই শ্রমিকদের ভুলের কারণে নিচু হয়েছে। এতে সামান্য পানি পড়তে পারে। সে জায়গায় কিছু কাজ করে দেব।”

‘কিছু ত্রুটি’ পাওয়ার কথা স্বীকার করেছেন শরীয়তপুর সদর উপজেলা প্রকৌশলী কে এম রেজাউল করিম।

তিনি বলেন, “আমরা স্কুলভবনটির নির্মাণকাজে কিছু ত্রুটি পেয়েছি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে সমাধান করে দিতে বলেছি। তারা এখনও সমাধান করেনি। তাই আমরা তাদের চূড়ান্ত বিল আটকে রেখেছি।”

শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ পানি পড়ার কথা জানলেও এখন পরিদর্শন করেননি।

তিনি বলেন, “ঘটনাটি আমি শুনেছি। অসুস্থতার কারণে যেতে পারিনি। নির্মাণকাজ তদারকের দায়িত্ব সদর উপজেলা এলজিইডির। তারা এখনও আমাদের ভবনটি বুঝিয়ে দেয়নি। নতুন ভবনে পানি পড়া খুবই দুঃখজনক।”