কোভিড: খুলনা বিভাগে শনাক্তে রেকর্ড, আরও ৪০ মৃত্যু
খুলনায় বিভাগে গত কয়েকদিন করোনাভাইরাসে রেকর্ড প্রাণহানির পর এবার শনাক্তের রেকর্ডও ভেঙেছে। এছাড়া একদিনে বিভাগে আরও ৪০ জন মারা গেছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান, খুলনা বিভাগে একদিনে পাঁচ হাজার ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮৬৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যা বিভাগে শনাক্তের হারে সব্বোর্চ। এর শনাক্তের হার ৩৬ দশমিক ৮১ শতাংশ।
এ সময়ে বিভাগে ৪০ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি বলেন, এর আগের দিন সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। আর ওইদিন ১ হাজার ৪৭০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। যার হার ছিল ৩৫ দশমিক ৬৭ শতাংশ।
রাশেদা জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনায়। এছাড়া কুষ্টিয়ায় ১৩ জন, যশোরে ছয়জন, মেহেরপুরে তিনজন, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।
করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৮৯৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩০৫ জন। মৃত্যুর হার ২ দশমিক শূন্য ৪ শতাংশ। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ হাজার ৪৭ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক কোভিড সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩৪৯ জনের। এ পর্যন্ত জেলায় শনাক্ত হয়েছে ১৬ হাজার ৯৭৫ জন। মারা গেছেন ৩২৭ জন এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ৭০২ জন।
“এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ সাধ্যমতো কাজ করে যাচ্ছে। প্রচুর আক্রান্ত মানুষ আছেন, যারা এখনো সচেতন না।প্রথমে তারা স্বাস্থ্য বিভাগের শরণাপন্ন হচ্ছেন না, আসছেন শেষ মুহূর্তে। এখনও জনগণের সচেতন হওয়ার সুযোগ রয়েছে। সেটি হলে পরিস্থিতির উন্নতি ঘটবে।”
এদিকে করোনাভাইরাস মোকাবিলায় খুলনা বিভাগের বিভিন্ন মেডিকেলে কর্মরত ১৭৫ জন চিকিৎসককে সংযুক্তিতে জেলা হাসপাতালগুলোতে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় ১৪ জন, নড়াইলে ১২ জন, ঝিনাইদহ জেলায় ১৫ জন, মেহেরপুর জেলায় ১৫ জন, খুলনা জেলায় ২৮ জন, যশোর জেলায় ২৪ জন, বাগেরহাট জেলায় ১৪ জন, মাগুরা জেলায় ১৪ জন, সাতক্ষীরা জেলায় ১৬ জন এবং কুষ্টিয়া জেলায় ২৩ জন চিকিৎসককে পদায়ন করা হয়েছে। মূলত বিভাগের হাসপাতালগুলোর কোভিড ইউনিটে এসব চিকিৎসকরা দায়িত্ব পালন করবেন।
অপরদিকে সারাদেশে চলামান কঠোর লকডাউনের মঙ্গলবার ৬ষ্ঠ দিনে খুলনা নগরে অনেকটা ঢিলেঢালা ভাব দেখা গেছে; বেড়েছে মানষ ও যানবাহন চলাচল। রিকশা চলছে কোনো বাধা ছাড়াই। বেশকিছু অটোরিকশাও চলাচল করতে দেখা গেছে।
সড়ক-মহাসড়কগুলোর কিছু জায়গায় সকালে যানজট দেখা গেছে। গত পাঁচ দিনের তুলনায় রাস্তায় যানবাহন ও জনসমাগমও বেশি এদিন। গত কয়েকদিনের তুলনায় বার হাট-বাজারগুলোতেও বেড়েছে চাপ।
রাস্তায় যারা চলাচল করছে তাদের অনেকের মাস্ক থুতনিতে ঝুলতে দেখাছে। মাস্কবিহীনও দেখা গেছে অনেককে। ফলে মহামারি করোনাভাইরাসের ডেল্টা সংক্রমণ রোধে রাস্তায় মানুষের পদচারণা ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে।
এদিকে রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর চেকিংয়ের জন্য ভোগান্তির অভিযোগও করেছেন অনেকে।
গত ১ জুলাই বিধিনিষেধের প্রথমদিন থেকেই নগরের কয়েকটি মোড়ে ছিল পুলিশের কঠোর পাহারা। প্রায় প্রতিটি মোটরসাইকেল ও রিকশা দাঁড় করিয়ে যাত্রীদের পুলিশ জেরা করেছিল। উপযুক্ত কারণ দেখাতে না পারলে করা হচ্ছিল জরিমানা। কিন্তু মঙ্গলবার সেখানে কোনো পুলিশের তৎপরতা দেখা যায়নি।
আজহারুল ইসলাম নামে এক রিকশাচালক বলেন, “পেট তো আর লকডাউন বুঝে না। কয়দিন বের হয়নি, কত দিন আর বসে থাকা যায়। ঘরে কোনো খাবার নাই, তাই রিকশা নিয়া বের হইছি।”
একই কথা জানালের আরেক অটোরিকশাচালক হাফিজুর রহমান।
খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, “বিধিনিষেধ ঢিলেঢালাভাবে দেখার কোনো সুযোগ নেই। সরকারের নির্দেশনা যথাযথভাবে পালন করা হচ্ছে। মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনী রয়েছে। তারপরও মানুষের আনাগোনা বেড়ে যাওয়ার ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখা হবে।”
