২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানি: কুড়িগ্রামে ‘সাড়ে চার লাখের বাংলার টাইগার’

কোরবানিকে সামনে রেখে কুড়িগ্রামের এক খামারির পালন করা ষাঁড় আলোচনায় উঠে এসেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2021, 10:11 PM

Updated : 02 Aug 2022, 06:02 PM

এক টনের কিছু কম ওজনের দেহের ষাঁড়টি ‘স্বভাবে শান্ত’। ঈদকে সামনে রেখে খামারি দাম হেকেছেন সাড়ে চার লাখ টাকা।

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিমদেবত্তর এলাকা রাজিকুল ইসলামের খামারের এ ষাঁড়ের নাম রাখা হয়েছে, বাংলার টাইগার।

খামারি রাজিকুল ইসলাম বলেন, “লকডাউন উঠলে ফ্রিজিয়াম জাতের ষাঁড় বাংলার টাইগারকে হাটে নেওয়া হবে।”

প্রায় চার বছর বয়সী ষাঁড়টি পালনের সময় ক্ষতিকর ট্যাবলেট ও ইনজেকশন না দিয়ে দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাদ্য দেওয়া হয়েছে বলে দাবি করছেন তিনি।

এর খাবারে মধ্যে ছিল খড়, জার্মানির তাজা ঘাস, খৈল ভূষি, চালের কুড়া, ভুট্টা,ভাত।

এছাড়াও নিয়মিত খাবার, পরিচ্ছন্ন রাখা, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং রুটিন অনুযায়ী ভ্যাকসিন দেওয়াসহ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি।

ষাড়টির পালতে দিনে ৪০০ টাকার ওপর খরচ হয়েছে বলছেন খামারি।

ষাঁড়টিকে দেখতে আসা আলতাফ হোসেন বলেন, এত বড় গরু সাধারণত হাটে দেখতে পাওয়া যায় না। তাই ‘বাংলার টাইগারের' খবর শুনে দেখতে এসেছি।

এ বিষয়ে রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জোবায়দুল কবীর বলেন, বাংলার টাইগারের মালিক রাজিকুল ইসলামকে দীর্ঘদিন ধরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে সম্পন্ন স্বাস্থ্যসম্মত ও নিরাপদের জন্য বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়েছে।

সে হিসাবে লালন পালন করে সফলও হয়েছেন এ খামারির যোগ করেন তিনি।