২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে জুয়া খেলাকে কেন্দ্র করে ব্যবসায়ী খুন

চাঁদপুর শহরে ড্রেজার ব্যবসায়ী রেহান উদ্দিন হত্যায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2021, 08:54 PM

Updated : 07 Apr 2022, 11:18 PM

বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান পুলিশ সুপার মিলন মাহমুদ।

গ্রেপ্তার খোরশেদ আলম নিহতের জুয়া খেলার সঙ্গী।

পুলিশ সুপার বলেন, রেহান উদ্দিন জুয়ায় আসক্ত ছিলেন। তিনি ও খোরশেদ আলম এক সাথে জুয়া খেলতেন।

রেহান উদ্দিনের কাছে জুয়ায় খোরশেদ আলম তার গরু বিক্রির ৬৫ হাজার টাকা হেরে যায়। এতে ক্ষুব্ধ খোরশেদ রেহানকে মারার পরিকল্পনা করে। গত বুধবার বিকেলে শহরের প্রফেসর পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার দিন বিকেলে তারা দুজন রেহান উদ্দিনের বাসায় জুয়া খেলতে বসে। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হলে ঘরে থাকা বটি/দা দিয়ে কুপিয়ে রেহানকে হত্যা করেন তিনি। এরপর তার রক্তমাখা জামাকাপড় ও জুয়া খেলার তাস ট্রেন লাইনের পাশের জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যান।

খোরশেদের দেওয়া তথ্যে বৃহস্পতিবার শহরের বঙ্গবন্ধু সড়ক এলাকায় রেল লাইনের পাশ থেকে মৃতের ব্যবহৃত লুঙ্গি, গেঞ্জিসহ তাস, সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার যুবক এ হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

গত ২৩ জুন শহরের ট্রাকরোড এলাকায় রেহান উদ্দিনের ভাড়া বাসায় রেহান উদ্দিনকে হত্যা করা হয়। পরদিন বিকেলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।