২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিস্তল হাতে ভিডিও ভাইরাল, রাজশাহীতে তিন যুবক গ্রেপ্তার

ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে রাজশাহী নগরীতে বিদেশি পিস্তলসহ তিন যুবককে গেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2021, 06:54 PM

Updated : 07 Apr 2022, 11:17 PM

রোববার বিকেল থেকে নগরী ও গোদাগাড়ীতে থেকে তাদের গ্রেপ্তার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, নগরের রাজপাড়া থানার দামপুকর এলাকার মাহাতাব আলীর ছেলে সেলিম মুর্শেদ শাফিন (৪০), জামাল উদ্দিনের ছেলে রানা হোসেন (৩২) এবং গোদাগাড়ী উপজেলার বিজয়নগর গ্রামের রবিউল ইসলামের ছেলে পিটার হোসেন (২৮)। সেলিম মুর্শেদের বাবা মাহাতাব আলী নগরের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, এক রুমের ভেতরে দুই ব্যক্তি অস্ত্র নাড়াচাড়া করছে এবং পরে তার পাশে থাকা আরেক ব্যক্তির হাতে অস্ত্রটি তুলে দিচ্ছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নজরে আসে। তার নির্দেশে একটি টিম ভাইরাল হওয়া ভিডিও পর্যালোচনা করে দুই যুবককে শনাক্ত করে।

ওসি বলেন, প্রথমে অভিযান চালিয়ে নগরীর সাগরপাড়া এলাকা থেকে সেলিম মুর্শেদ শাফিনকে গ্রেপ্তার করা হয়। সেলিম তাদের জানান, ভিডিওটি নিলয় গোপনে ধারণ করে ফেইসবুকে প্রচার করেছে।

ওসি আরও বলেন, সেলিমের দেওয়া তথ্যে সন্ধ্যায় শহরের বর্ণালীর মোড় থেকে রানা হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজতে থাকা ম্যাগজিনসহ ভাইরাল হওয়া বিদেশি পিস্তুল উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, সেলিম ও রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। তাদের দেওয়া তথ্যে রাত সাড়ে ৮টার পর গোদাগাড়ী উপজেলার বিজয়নগর মোড়ে অভিযান চালিয়ে পিটার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পিস্তলটি সংগ্রহ করেছিল নিলয় ও শাফিন।

পলাতক নিলয়কে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।