গাজীপুরে বাঁশঝাড়ে মিলল নারী শ্রমিকের লাশ
গাজীপুরে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার গাড়ারন এলাকার এক বাঁশ ঝাড় থেকে লাশটি উদ্ধার হয়।
নিহত ময়নার (৪০) শ্রীপুর পৌর এলাকার ‘হ্যামস গার্মেন্টস’ নামের পোশাক কারখানার শ্রমিক এবং পাবনার ঈশ্বরগঞ্জ থানার আটঘরিয়া এলাকার আসাদের স্ত্রী। তিনি শ্রীপুর থানাধীন বর্মী ইউনিয়নের গাড়ারন গ্রামে ফারুক হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, নিহত নারী গাড়ারন গ্রামের ফারুক হোসেনের বাড়িতে ভাড়া থেকে হ্যামস গার্মেন্টসে চাকরি করতেন।
গত শনিবার কারখানার ডিউটি সেরে এক বান্ধবীর বাড়ি যাওয়ার কথা বলে বাড়ির মালিককে জানিয়ে বাসা থেকে বেরিয়ে যান ময়না। এরপর আর বাসায় ফেরেননি।
পুলিশ দুপুর আড়াইটার দিকে লাশটি উদ্ধার করে। এ সময় তার লাশের পাশ থেকে নিহতের ভ্যানিটিব্যাগ ও আইডি কার্ড উদ্ধার করা হয়।
“লাশটি পচে ফুলে গেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশটি বাঁশ ঝাড়ে ফেলে গেছে।”
লাশের ময়না তদন্তের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
