গাজীপুরে পিস্তল ও মাদকসহ চার যুবক গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল ও মাদকসহ চার যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার দুপুরে র্যাব-১-এর সহকারী পরিচালক নোমান আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, গাজীপুরের আরিফুল ইসলাম বাপ্পি (২৭), নূর হোসেন সাগর (২১), সোহেল হাওলাদার (৩৫) এবং জামালপুরের হিরা মিয়া (২৪)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ জুন রাতে র্যাব-১-এর সদস্য জানতে পারে টঙ্গী পূর্ব থানাধীন সরকারবাড়ী রোডের পূর্ব আরিচপুর এলাকায় কতিপয় অস্ত্রধারী ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে।
সরকারবাড়ী রোডের পূর্ব আরিচপুর এলাকার জনৈক বাপ্পীর অফিস কক্ষে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী ডাকাত ও মাদকসহ ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি পিস্তল সাদৃশ্য লাইটার, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, এক হাজার ৪০০টি ইয়াবা, ১টি ল্যাপটপ, ২টি রামদা, ১টি ছোরা, ১টি দেশে তৈরি চাইনিজ কুড়াল, ৮টি মোবাইল ফোন এবং নগদ-৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়।
এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা হয়েছে।
