গাজীপুরে যাবজ্জীবন সাজার পলাতক আসামি গ্রেপ্তার
গাজীপুরে দুই যুগ আগের এক শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মো. গোফরান নামের ৫৮ বছর বয়সী ওই ব্যক্তিকে শনিবার সন্ধ্যায় কাশিমপুর থানার এনায়েতপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে ওসি মাহবুব-এ খোদা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এনায়েতপুর এলাকাতেই গোফরানের বাসা। তার বাসায় ফিরে আসার খবর পেয়ে পুলিশ ‘ছদ্মবেশে’ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
১৯৯৭ সালের অগাস্টে সাবেক জয়দেবপুর থানায় গোফরানের বিরুদ্ধে শিশু ধর্ষণের একটি মামলা হয়। সেই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
মামলা হওয়ার পর থেকেই গোফরান পলাতক ছিলেন বলে জানান ওসি।
