জামালপুরে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
জামালপুরের সরিষাবাড়ীতে বাসের ধাক্কায় একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার বিকালে সরিষাবাড়ী পৌরসভার বাউসি বাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ডিগ্রি পাঁচবাড়ি গ্রামের শহিদ মিয়ার ছেলে কবির হোসেন (২০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেংরা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সেলিম মিয়া (১৯)।
তারা দুজনই পেশায় ট্রাক চালক ও পরস্পরের আত্মীয় ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ সাংবাদিকদের জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টায় জামালপুর সদরের দিগপাইত উপশহর থেকে ঢাকা-সরিষাবাড়ীর রুটের আল্লাহর দান পরিবহনের একটি যাত্রীবাহী বাস সরিষাবাড়ী বাস টার্মিনালের দিকে আসছিল।
“বিপরীত দিক থেকে আসা দিগপাইতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী কবির ও সেলিম ঘটনাস্থলেই মারা যান।”
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা লাশ উদ্ধার করেছেন। বাসটি আটক করা গেলেও চালক পালিয়েছেন।
