২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে র‌্যাবের অভিযানে ১৩ দালাল আটক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১৩ দালালকে আটক করেছে র‌্যাব।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2021, 04:59 PM

Updated : 10 Oct 2022, 06:02 PM

বৃহস্পতিবার সকালে হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগসহ বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাব-১৪ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার আনোয়ার হোসেন জানান।

আটকরা হলেন- নগরীর চরপাড়া এলাকার এনায়েত কবির (৪২), একই এলাকার মনোয়ার হোসন (৪২), রতন মিয়া (৪৫), মনির হোসেন (৩৭), মাসুদুল করিম, দিঘারকান্দা এলাকার ফিরোজ মিয়া (৫০), মাসকান্দার আলাল উদ্দিন (৬০), শিকারীকান্দার নজরুল ইসলাম (৪০), সদরের সিরতা আলা উদ্দিন (৫৫), বাঘমারা এলাকার টুটুল আহমেদ শরীফ (৩৭), সদরের বোররচর এলাকার সোহেল মিয়া (৩১), কালীবাড়ি এলাকার আলমগীর হোসেন (৪২) ও বড়ভিলা এলাকার আসাদুল ইসলাম মিশু (২৭)।

র‌্যাব কর্মকর্তা আনোয়ার বলেন, আটকরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দালাল।

তারা এসব হাসপাতালে আসা রোগীদের নানাভাবে হয়রানি করে আসছিল। এছাড়া রাজশাহী মেডিকেলের রোগীদের সরকারি ওষুধ প্রদান ও উন্নত পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলে তারা টাকা হাতিয়ে নিত বলে অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।