২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর মেডিকেলের আইসিইউতে কোভিড রোগী বাড়ছে

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে কোভিড রোগীর চাপ বাড়ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2021, 08:28 PM

Updated : 07 Apr 2022, 11:13 PM

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১২ দিনে এই ইউনিটে ২৮ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে মারা গেছে ১৪ জন, সুস্থ হয়েছে দুই জন। প্রতিদিনই আসছে রোগী, কিন্তু চাহিদা অনুযায়ী শয্যা না থাকায় ভর্তি নেওয়া যাচ্ছে না।

এই হাসপাতালে আইসিইউতে ১৬ শয্যা থাকলেও সচল রয়েছে ১৪টি।

হাসপাতালের আইসিইউয়ের ইনর্চাজ ডা. অনন্ত বিশ্বাস জানান, করোনা পরিস্থিতি গত দুই সপ্তাহ ধরে অবনতির দিকে। রোগীর চাপ বাড়ছে অনেক। কিছু দিন আগেও ওয়ার্ডে রোগী ছিল ৩/৪ জন, এখন সেখানে সিট ফাঁকা নেই।

তিনি বলেন, “করোনার এই দ্বিতীয় ঢেউয়ের ধরন আগের থেকে ভিন্ন। কারণ এখন আইসিইউতে ভর্তি হয়ে সুস্থতার হার একেবারেরই কম, মারা যাচ্ছে বেশি, তাও আবার দ্রুত।”

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছে এক ব্যক্তি। আর নতুন শনাক্ত হয়েছে ২২ জন।

জেলায় এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯০৯ জন, মারা গেছে ১৮৮ জন।