২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি বন্দর: রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয়দের, এই পক্ষের চিঠি

হিলি বন্দর দিয়ে পণ্য রপ্তানি বন্ধে ভারতের ব্যবসায়ীদের দেওয়া চিঠির জবাব দিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2021, 10:42 PM

Updated : 10 Oct 2022, 06:01 PM

মঙ্গলবার দুপুরে বাংলাদেশের হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের পক্ষ থেকে ভারতের হিলি এক্সপোর্টার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন বরাবর এই পত্র পাঠানো হয়।

পত্রে বাংলাদেশের ব্যবসায়ীরা আপাতত ট্রাক চলাচল আগের মতো স্বাভাবিক রেখে আগামী শুক্রবার একটি দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব রেখেছেন।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে ভারতের ট্রাক ঢোকা সীমিত করে দেওয়ার পর ভারতের ব্যবসায়ীরা আগামী বুধবার [৯ জুন] থেকে অনির্দিষ্টকালের জন্য তাদের পণ্য রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দেন।

হিলি বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনার টিকা ও সনদ ছাড়া ভারতীয় ট্রাক চালক ও হেলপাররা দীর্ঘদিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য নিয়ে প্রবেশ করায় দেশে ভারতীয় ‘ভ্যারিয়েন্ট’ [ডেলটা] ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়, এবং যথারীতি বন্দর এলাকায় সংক্রমণ বেড়ে যায়।

“এই অবস্থায় ভারতীয় ট্রাক চালক ও হেলপাররা যাতে করোনার টিকার সনদ নিয়ে প্রবেশ করে তার ব্যবস্থা করতে বলা হয় ভারতের ব্যবসায়ীদে। কিন্তু তারা আমাদের কথায় কর্নপাত করেনি। তখন আমরা গত সপ্তাহে প্রতিদিন বাংলাদেশে ভারত থেকে পণ্যবাহী ট্রাকের সংখ্যা কমিয়ে ৫০টিতে করি। এর আগে প্রতিদিন পণ্যবাহী ট্রাক আসত ১৫০-২০০টির মত।”

তিনি বলেন, এই কারণে ভারতের ব্যবসায়ীরা গত রোববার ৪টি শর্ত আরোপ করে চিঠি দিয়ে জানান যে সব চালক ও হেলপারদের করোনার আওতায় আনা সম্ভব নয়। কারণ ভারতে করোনা টিকার সংকট রয়েছে। এটি সময় সাপেক্ষ ব্যাপার। শর্ত মেনে পণ্য রপ্তানি করা সম্ভব হবে না।

“তাই তারা বুধবার [৯জুন] থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি অনিদিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয়।”

তিনি বলেন, “এর পরিপ্রেক্ষিতে আমরা মঙ্গলবার দুপুরে তাদের পত্র দিয়ে জানিয়েছি যে আগামী শুক্রবার বিকালে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে বৈঠক করা যায়।”

বৈঠকের আগ পর্যন্ত এই কয়দিন আমদানি-রপ্তানি স্বাভাবিক রাখার কথা বলা হয়েছে এবং আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকার কথা বলা হয়, বলেন হারুন।