২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাইকগাছায় সাত দিনের ‘লকডাউন’

মহামারী নিয়ন্ত্রণে খুলনার পাইকগাছা উপজেলার পৌর এলাকায় এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2021, 06:30 PM

Updated : 02 Aug 2022, 05:54 PM

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হোসেন সিদ্দিকী জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১০ থেকে ১৬ জুন পর্যন্ত শুধু পৌরসভা এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। কপিলমুনিহাট, চাঁড়খালীহাট, বাঁকা এবং কাটিপাড়াবাজার আগামী ১০ জুন থেকে এক সপ্তাহ বন্ধ থাকবে।

তিনি বলেন, লকডাউন চলাকালে পৌরসভা অভ্যন্তরের গণপরিবহন বন্ধ থাকবে। শুধুমাত্র ওষুধ, নিত্যপ্রয়োজনীয় মুদিদোকান, কাঁচাবাজার, কৃষি, নির্মাণসামগ্রীর দোকান সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য দোকানপাট, শপিংমল ও কলকারখানা বন্ধ থাকবে।

ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পর বাধ্যতামূলক, ন্যূনতম তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

এরআগে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ৪ জুন থেকে ৭ দিন খুলনা সদর, সোনাডাঙ্গা, খালিশপুর থানা এলাকা এবং রূপসা উপজেলায় বিধিনিষেধ আরোপ করে খুলনা জেলা প্রশাসন।

জেলা সিভিল সার্জন অফিস থেকে জানা গেছে, এ উপজেলায় ২৫৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ৭ জন মারা গেছেন। হাসপাতালে ভর্তি রয়েছেন ১০ জন।

চলতি মাসের ৮ দিনে উপজেলায় ২৪ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।