২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে পরিচয়পত্র নিয়ে চলাচলের নির্দেশ

জয়পুরহাটে করোনাভাইরাস সংক্রমণ রোধে বিধি-নিষেধের মধ্যে চলাচলের সময় সঙ্গে পরিচয়পত্র রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2021, 09:31 PM

Updated : 02 Aug 2022, 05:54 PM

সোমবার বিকেলে জেলা প্রশানের এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতের সীমান্ত ঘেঁষা জয়পুরহাট সদর এবং পাঁচবিবি উপজেলায় আগামী ১৪ জুন পর্যন্ত বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

এ সময় সেখানে জরুরি খাদ্য ও ওষুধ ছাড়া সব দোকান, হোটেল-রেস্তোরাঁ, শপিং মল. ব্যবসা-বাণিজ্য, হাট-বাজার বিকাল ৫টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সে সময় জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে আসতে হলে নাগরিকদের পরিচয়পত্র সঙ্গে রাখতে বলাও হয়েছে।

এছাড়া রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় সভাসহ সব রকম জনসমাগম বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

অন্যদিকে গণপরিবহনে আগের মতোই মোট আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহন করা যাবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন বলেন, গত রোববার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা এলাকার রফিকুল ইসলাম চৌধুরীর স্ত্রী মোকলেমা খাতুন (৬৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার যান। তিনি আক্রান্ত শনাক্ত হওয়ার পর থেকে তার বাড়ি লকডাউন দেওয়া হয়েছে।

এ নিয়ে করোনায় জেলায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।