২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পুকুরে ডুবে শিশু ভাই-বোনের মৃত্যু

গাজীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2021, 08:10 PM

Updated : 02 Aug 2022, 05:54 PM

সোমবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দেবপুর চত্বর ফাওকাল এলাকায় এই সহোদর ভাই-বোনের মৃত্যু হয়।

নিহত সুমাইয়া (৮) এবং ফয়সাল আহম্মেদ (৫) গাজীপুর মহানগরীর ফাওকাল পূর্বপাড়ার বাসিন্দা নুরুল ইসলামের সন্তান।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ রফিউল করিম জানান, নিহতদের বাবা নুরুল ইসলাম একজন দিনমুজুর এবং মা পোশাক শ্রমিক। ঘটনার সময় তাদের মা পোশাক কারখানায় ছিলেন এবং বাবা ঘুমিয়ে ছিলেন।

এ সময় সুমাইয়া এবং ফয়সাল বাড়ির দক্ষিণে চৌধুরীর পুকুর পাড়ে কয়েকজন শিশুর সঙ্গে খেলতে যায়। এক পর্যায়ে তিন শিশু পুকুরের পানিতে পড়ে যায়। ঘটনাটি নজরে আসায় পাশের মসজিদের মুসল্লিরা পানিতে নেমে তিন শিশুকে উদ্ধার করে।

তবে উদ্ধারের আগেই সুমাইয়া এবং ফয়সাল মারা যায়।

অপর শিশু ওই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে তোয়া (৭) প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে।