২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে নবজাতক উদ্ধার

বাগেরহাট সদর উপজেলায় রাতের অন্ধকারে ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2021, 12:55 PM

Updated : 02 Aug 2022, 05:54 PM

সদর থানার পরিদর্শক আবু সাঈদ জানান, রোববার রাতে বেমরতা ইউনিয়নের চিতলী বৈটপুর গ্রামের একটি চায়ের দোকান থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান তারা। শিশুটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে।

পরিদর্শক স্থানীয়দের বরাতে বলেন, রাতে দোকান বন্ধ হওয়ার পর পাশের বাড়ির ইমরান শেখের স্ত্রী লিজা আক্তার শিশুর কান্না শুনতে পান। তিনি দোকানে গিয়ে ক্যারম বোর্ডের ওপর শিশুটিকে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে যান। পরে ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করায়।

পরিদর্শক বলেন, কে বা কারা শিশুটিকে এখানে ফেলে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। শিশুটিকে দত্তক নিতে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। বিষয়টি আদালতে জানানো হবে। আদালত ঠিক করবে পরবর্তী করণীয়।

সদ্য ভূমিষ্ঠ মেয়েটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক কে এম হুমায়ুন কবির।

তিনি বলেন, রোববারই শিশুটির জন্ম হয়েছে। হাসপাতালে শিশুটি নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে তাকে। মেয়েটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে।