ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল ২ কৃষকের
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই কৃষক নিহত হয়েছেন।
তারা হলেন- উপজেলার খুরশিদমহল গ্রামের শহিদ মিয়ার ছেলে মানিক মিয়া (৩৩) ও নূর হোসেনের ছেলে মো. মাসুম (১৭)।
গ্রামের সেতুতে সোমবার সকালে তারা নিহত হন বলে জানিয়েছেন পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান।
স্থানীয়রা জানান, চরাঞ্চলে গরুর ঘাস আনতে যাচ্ছিলেন মানিক ও মাসুম। সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে আসা বালুভর্তি ড্রাম ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
ওসি রাশেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিসি ক্যামেরার ভিডিও দেখে ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
