গাজীপুরে প্রাইভেটকার চালক হত্যায় গ্রেপ্তার ২ ‘ছিনতাইকারী’
গাজীপুরে তিন মাস আগে এক প্রাইভেটকার চালককে হত্যার ঘটনায় দুই যুবক গ্রেপ্তার হয়েছেন, যাদের ছিনতাইকারী বলছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয় বলে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ জাকির হাসান জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন।
গ্রেপ্তাররা হলেন টঙ্গীর এরশাদনগরের মো. রুবেল মিয়ার ছেলে রাব্বি হোসেন (২১) ও ঢাকার দক্ষিণখানের ময়নার টেকের মো. ছবিরের ছেলে শিপন হোসেন (২৩)।
সংবাদ সম্মেলনে জাকির হাসান জানান, গত ১ মার্চ রাতে গাজীপুর মহানগরের গাছা থানাধীন মালেকের বাড়ির একটি পোশাক কারখানার প্রাইভেটকার চালক জাহিদুল ইসলাম ঢাকায় কয়েকজন কর্মকর্তাকে নামিয়ে গাজীপুরে ফিরছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাছিমপুর এলাকায় প্রাইভেটকার থামিয়ে সড়কের সামনে প্রস্রাব করতে যান।
“এই সময় ৩-৪ জনের একদল ছিনতাইকারী তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা মাথা ও উরুসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করতে থাকে। এক পর্যায়ে টহল পুলিশের উপস্থিত টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।”
পরে পুলিশ জাহিদকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় ২ মার্চ নিহতের বড়ভাই সাইফুল ইসলাম অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন।
জাকির হাসান আরও জানান, পালিয়ে যাওয়ার সময় আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে আসামিদের শনাক্ত করা হয়। বুধবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের দিঘীরপাড় থেকে শিপন এবং টঙ্গীর এরশাদনগর থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যমতে ঘটনাস্থলের অদূরে কাদেরিয়া টেক্সটাইল মিলের দেয়ালের পাশে পরিত্যক্ত স্থান থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেছে।”
অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানায় শিপনের নামে ২০২০ সালের একটি ছিনতাই মামলা এব্ং রাব্বির বিরুদ্ধে ২০১৯ সালের একটি মাদক মামলা রয়েছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মহানগর পুলিশের এডিসি হাসিবুল আলম, এসি পীযুষ কুমার দে, টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
