রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা শুরু ২০ জুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাসের কারণে ২০১৯ ও ২০২০ সালের স্থগিত হওয়া পরীক্ষাগুলো শিক্ষার্থীদের সশরীর উপস্থিতিতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
২০১৯ সালের স্থগিত পরীক্ষাগুলো আগামী ২০ জুন থেকে এবং ২০২০ সালের আটকে থাকা পরীক্ষাগুলো আগামী ৪ জুলাই থেকে শুরু হবে।
বৃহস্পতিবার দুপুরে এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রশাসক ড. মো. আজিজুর রহমান জানান।
তিনি বলেন, এ সভায় বিশ্ববিদ্যালয়ের হল খোলা রাখার এবং ক্লাস শুরুর বিষয়ে বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। পরীক্ষা দেবেন এমন শিক্ষার্থীদের নিজ খরচে থাকার বন্দোবস্ত করতে হবে।
বিভাগের একাডেমিক কমিটি নির্ধারিত তারিখকে সামনে রেখে নিজেদের সুবিধা মতো রুটিন তৈরি করে পরীক্ষা নেবে।
হল খোলার বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য আনন্দ কুমার সাহা বলেন, করোনা পরিস্থিতির কারণে হল খোলা যাচ্ছে না। শিক্ষার্থীদের বাইরে থেকেই পরীক্ষা দিতে হবে।
