২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: খুলনার তিন থানায় ৭ দিনের বিধিনিষেধ

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে খুলনা নগরের তিনটি থানা এলাকায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2021, 03:47 PM

Updated : 07 Apr 2022, 11:10 PM

বুধবার দুপুরে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে খুলনা জেলা প্রশাসক মো. হেলাল হোসেন জানান।

তিনি বলেন, আপাতত লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে ৪ জুন থেকে এক সপ্তাহের জন্য নগরের সদর, সোনাডাঙ্গা এবং খালিশপুর থানা এলাকার কাঁচাবাজার ও ওষুধের ছাড়া অন্যসকল দোকান-পাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মাদ বলেন, করোনাভাইরাস সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকা খুলনা জেলায় মানুষের সচেতনতা এখনো কম। রাস্তাঘাট, বাজার-রোস্তোরাঁয় মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায় না।

“এপ্রিলের শুরু থেকে সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে। মে মাসের শুরুর দিকে কিছুটা কম থাকলেও ঈদের পর থেকে বেড়েছে। স্বাস্থ্যবিধি মেনে না চলাই এর একমাত্র কারণ।”

একসপ্তাহের বিধিনিষেধের পর প্রয়োজনে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।