মোটরসাইকেল থেকে সড়কে, পরে গাড়ি চাপায় নিহত
গাজীপুর নগরীর বোর্ড বাজারে গাড়ি চাপা পড়ে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত হযরত আলী (৩৫) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার খাড়াগ্রাম এলাকার মফিজ উদ্দিনের ছেলে। তিনি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় কম্পিউটারের দোকানে চাকরি করতেন।
গাজীপুর নগর পুলিশের গাছা থানার এসআই উৎপল কুমার সাহা জানান, সোমবার রাতে মোটরসাইকেল যোগে ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা যাচ্ছিলেন হযরত আলী। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার পৌঁছালে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান।
“এ সময় পেছন থেকে একটি গাড়ি গিয়ে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই হযরত মারা যান।”
নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মঙ্গলবার দুপুরে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
