২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সংঘর্ষে ‘সন্ত্রাসী দলনেতাসহ’ নিহত ২

কক্সবাজার শহরে ‘আধিপত্য বিস্তারের’ জেরে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন, যাদের একজনকে স্থানীয় রায়হান বাহিনীর প্রধান বলছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2021, 12:01 AM

Updated : 02 Aug 2022, 05:53 PM

দক্ষিণ রুমালিয়ার ছড়ায় সোমবার সন্ধ্যায় এই সংঘর্ষ হয় বলে কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানিয়েছেন।  

নিহতরা হলেন শহরের বাঁচা মিয়া ঘোনার নুরুল আমিনের ছেলে রায়হানুল ইসলাম (২৭) এবং টেকপাড়া চৌমুহনীর মুজিবুল হকের ছেলে শাহেদুল হক (২৩)।

রায়হানুল ইসলাম নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে নানা অপরাধ চালিয়ে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন শহরের বাস টার্মিনাল এলাকার নুর বশরের ছেলে মোহাম্মদ হাসান (১৮)। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি মুনীর-উল-গীয়াস বলেন, সন্ধ্যায় দক্ষিণ রুমালিয়ারছড়া সিকদার পাড়া বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় ‘সন্ত্রাসী’ রায়হানুল ইসলাম ওরফে রায়হান বাহিনী ও আশরাফ আলী ওরফে আশু বাহিনীর মধ্যে ‘এলাকায় আধিপত্য বিস্তারের জেরে’ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উভয়পক্ষ আগ্নেয়াস্ত্রের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় বলে ওসি জানান।

তিনি বলেন, সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে রায়হান বাহিনীর প্রধান রায়হানুল ইসলাম নিহত হন। আহত হন দুই জন।

“পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহেদুল হককে মৃত ঘোষণা করেন।”

লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে; এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান ওসি।

স্থানীয় বাসিন্দা আবুল মনসুর বলেন, দক্ষিণ রুমালিয়ারছড়া সিকদার পাড়াসহ আশপাশের এলাকাটি দীর্ঘদিন ধরে ‘সন্ত্রাসীদের’ অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্থানীয়ভাবে বেশ কয়েকটি ‘সন্ত্রাসী বাহিনী’ সক্রিয় রয়েছে। এরা নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ ও পাহাড়ি খাস জমি দখল-বেদখলসহ নানা অপরাধ সংঘটন করে আসছে।

এলাকাবাসী তাদের ভয়ে মুখ খোলার সাহস পায় না বলে জানান তিনি।