২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে নিখোঁজ অটোচালকের লাশ উদ্ধার

মযমনসিংহে নিখোঁজের সাতদিন পর এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2021, 06:39 PM

Updated : 02 Aug 2022, 05:52 PM

রোববার দুপুর ২টার দিকে সিটি কর্পোরেশনের বারেরা নিজামনগরের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানিয়েছেন।

নিহত রুক্কু মিয়া (৪০) নেত্রকোনা সদর উপজেলার পূর্বধলা রাজিবপুর গ্রামের লাল চাঁন মিয়ার ছেলে।

ফারুক হোসেন জানান, সকালে রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগে তাকে মারা হতে পারে। 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম বলেন, গত ১০ বছর ধরে রুক্কু ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকার সামাদ মিয়ার গ্যারেজে থেকে অটোরিকশা চালাতেন।  

“গত রোববার ভাই (রুক্কু মিয়া) মায়ের সাথে শেষ কথা বলে। মোবাইলে মা'কে সে (রুক্কু মিয়া) বলে গ্যারেজ মালিক সামাদের সাথে আমদানি নিয়ে কথা কাটাকাটি হয়েছে।

“এরপর থেকে রুক্কু মিয়ার সাথে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফোন দিলেও তার নম্বর বন্ধ দেখায়।” 

এ ঘটনার পর গত বুধবার গ্যারেজ মালিক সামাদ মিয়া তাদের বাড়ি গিয়ে রুক্ক মিয়ার খোঁজ চান। সামাদ মিয়ার কাছে তারা জানতে পারেন গত রোববার রাত থেকে রুক্কু মিয়া অটোরিকশাসহ নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।