প্রধানমন্ত্রীর রিকশা উপহারের পর সেই ছাত্রলীগ নেতার খোঁজে অনেকে
প্রধানমন্ত্রী অটোরিকশা উপহার দেওয়ার খবর প্রকাশের পর রিকশা চালানো সেই সাবেক ছাত্রলীগ নেতার খোঁজ নেওয়া শুরু করেছে অনেকে।
কবিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফারুক বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে প্রতিপক্ষের রোষানলে পড়ে শিক্ষাজীবন শেষ করতে পারেননি। ফলে ডিগ্রি পাশ করা আর হয়নি তার।
আওয়ামী লীগ সরকার গঠনের পর অভাবের সংসারের হাল ধরতে তার ‘নেতাদের দুয়ারে দুয়ারে ঘুরেও ‘আর্দালি পদের চাকরিও জোটাতে পারেননি’ তিনি।
তার রিকশা চালানোর খবর ছড়িয়ে পড়ায় শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে একটি অটোরিকশা উপহার দেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, “আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পাওয়া প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ফারুককে একটি ব্যাটারি চালিত রিকশা উপহার দিয়েছি। তার পারিবারিক সমস্যাগুলো খতিয়ে দেখে সহযোগিতা অব্যাহত রাখা হবে।”
আনোয়ার হোসেন ফারুক জানান, দেশের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতারা খোঁজ-খবর নিচ্ছেন। অনেকেই সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
অতীত দিনের প্রসঙ্গে ফারুক বলেন, “তখনকার সময়ে ছাত্রলীগকে সংগঠিত করতে গিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের রোষানলে পড়তে হয়। যার কারণে ডিগ্রি পরীক্ষাটা পর্যন্ত দিতে পারিনি।
“আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ডিসি অফিসের এমএলএসএস পদে চাকরির জন্য নেতাদের দরজায় দরজায় ঘুরেছি, পাইনি। নিরুপায় হয়ে গত বছর এক মাস রিকশা চালিয়েছি। এবার আবারও কয়েক দিন রিকশা চালাতে হয়। তবে, চেনা-জানা অনেকেই আমার রিকশায় উঠতে সংকোচ করায় তাও ছেড়ে দিতে হয়েছে।”
এ সময় একরামুল করিম চৌধুরী বলেন, “ফারুক দুঃসময়ের ছাত্রলীগ নেতা কিন্তু সে যে এতটা সমস্যাগ্রস্ত, এটা সে ব্যক্তিগতভাবে কখনো আমাকে জানায়নি। এমনকি বিষয়টি কখনো দলীয় কোনো নেতাকর্মীও আমাকে জানায়নি।”
