রংপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যবসায়ী নিহত
রংপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশা আরোহী এক মরিচ ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার সকাল ৭টার দিকে নগরীর দীপ আই কেয়ার চক্ষু হাসপাতালের পাশে দর্শনা মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি আক্তারুজ্জামান জানান।
নিহত মন্জুরুল ইসলাম (৪৫) মিঠাপুকুর উপজেলার তালতলা এলাকার আকবার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “সকাল ৭টার দিকে মন্জুরুল একটি অটোরিকশায় করে মরিচ নিয়ে রংপুর শহরের দিকে যাচ্ছিল। পথে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মন্জুরুল নিহত হন।”
পরে গুরুতর আহত অবস্থায় অটোরিকশার চালককে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।
এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
