ফতুল্লায় গৃহবধূকে হত্যা, স্বামী আটক
নারায়ণগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে পূর্ব লামাপাড়া এলাকায় একটি চারতলা ভবনের দ্বিতীয় তলা থেকে ওই গৃহবধুর লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত তানজিদা আক্তার পপি (২৫) ওই এলাকার হীরা চৌধুরী স্ত্রী এবং সদর উপজেলার বক্তাবলীর রাজাপুরের আলী আশরাফের মেয়ে ছিলেন।
আটক হীরা (৩০) পূর্ব লামাপাড়া এলাকার ওমর চৌধুরী তুহিনের ছেলে।
নিহত গৃহবধূর স্বজনরা জানান, গত ১৩ বছর আগে পারিবারিকভাবে পপির সঙ্গে হীরার বিয়ে হয়। তাদের সংসারে তুষার (১০) ও তোয়াফ (৬) নামে দুই ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ি থেকে টাকা দাবি করে আসছিল হীরা। তাকে জমি বিক্রিসহ নানাভাবে টাকা জোগার করে দেওয়া হয়।
সকাল ৯টার দিকে মোবাইল ফোনে তারা খবর পান পপিকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে সেখানে গিয়ে তারা জানতে পারেন পপিকে তার স্বামী হত্যা করেছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, স্থানীয়দের কাছে পেয়ে পপির রক্তাক্ত লাশ উদ্ধার ও তার স্বামীকে আটক করেন তারা। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়।
“পপিকে হাত বেঁধে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।”
হীরাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
