কোভিড: রাজশাহী মেডিকেলে আরও ৩ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
বুধবার রাতে তাদের মৃত্যু হয় বলে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান।
তিনি বলেন, হাসপাতালের ১৬, ২২ ও ২৯ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। তাদের সবার করোনাভাইরাস পজেটিভ ছিল।
তাদের মধ্যে দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে; আরেকজনের রাজশাহীতে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউসহ করোনা ওয়ার্ডে বর্তমানে ১৬২ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে আইউসিইউতে ভর্তি রয়েছেন ১৪ জন।
রাজশাহী হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৩০ জন করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন ও রাজশাহীর ১০ জন। বাকি পাঁচজন নওগাঁ ও নাটোরের।
এদিকে বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. হাসিবুল আহসান স্বাক্ষরিত এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার বিভাগের আট জেলায় ২৭৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশী চাঁপাইনবাবগঞ্জের ১৫৯ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী ৩৯ জন।
এছাড়াও বগুড়ার ২৬, নওগাঁর চার, নাটোরের নয়, জয়পুরহাটের ১০, সিরাজগঞ্জের আট ও পাবনার ২০ জনের এ ভাইরাস শনাক্ত হয়েছে।
