জয়পুরহাটে `ডিসির মোবাইল নম্বর’ থেকে চাঁদা দাবি
জয়পুরহাটের জেলা প্রশাসকের অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ‘ক্লোন করে’ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে চাঁদা দাবি করা হয়েছে।
সোমবার দুপুরে ‘জেলা প্রশাসক জয়পুরহাট’ নামের ফেইসবুক আইডি থেকে বিষয়টি সবাইকে জানান ডিসি মোহাম্মদ শরীফুল ইসলাম।
তিনি সেখানে লেখেন, ‘জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারক চক্র বিভিন্ন জনের কাছে অর্থ দাবি করছে। সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হল।’
এমন ফোন পেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অবহিত করার অনুরোধও করেছেন তিনি।
জেলা প্রশাসক শরীফুল ইসলাম জানান, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান আলীসহ একাধিক কর্মকর্তার কাছে এমন ফোন এসেছে বলে সোমবার দুপুরে জানতে পারেন তিনি।
“তাদের ফোনে এ সময় আমার মোবাইল নম্বরটি ভেসে উঠেছে। ফোন করে কয়েকজনের কাছেই টাকা চাওয়া হয়েছে তারা অভিযোগ করেন। আসলে এসব ফোন কল আমার নয়।”
জানতে পেরে গ্রামীণফোনের জেলা প্রতিনিধিকে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
