২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে দেড় লাখ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কক্সবাজারে দেড় লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2021, 05:32 PM

Updated : 07 Apr 2022, 11:08 PM

সোমবার দুপুর আড়াইটায় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের রামু-মরিচ্যা সড়কের ক্যান্টনমেন্ট স্কুলের সামনে এ অভিযানে গ্রেপ্তারদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিকও রয়েছেন বলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন, উখিয়ার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১১ ব্লকের আবু ছিদ্দিকের ছেলে মোহাম্মদ আলম (২০) এবং উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কড়ইবুনিয়া এলাকার রশিদ আহম্মেদের ছেলে আবুল হাশেম (২৩)।

ওসি মোহাম্মদ আলী বলেন, সোমবার দুপুরে গাড়িতে করে ইয়াবার বড় একটি চালান পাচারের খবরে রামু-মরিচ্যা সড়কের ক্যান্টনমেন্ট স্কুলের সামনে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়।

এক পর্যায়ে মরিচ্যাগামী সন্দেহজনক এক ইজিবাইক আসতে দেখে পুলিশ থামিয়ে তল্লাশি চালায়।

ওসি বলেন, " এ সময় গাড়িতে বহন করা বিস্কুটের কার্টনের বেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৫টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে ১ লাখ ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। এতে গাড়িতে থাকা দুই ইয়াবা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।"

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।