শিমুলিয়ায় লঞ্চ ছাড়ল ৪৯ দিন পর
টানা ৪৯ দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। ঘাটগুলোয় ফিরেছে ব্যস্ততা।
সোমবার ভোর ৬টার দিকে শিমুলিয়া, বাংলাবাজার ও মাঝিকান্দি ঘাট থেকে যাত্রী নিয়ে লঞ্চ ছেড়ে যায়। এতে ফেরিতে ভিড় কমে স্বস্তি ফেরে।
দ্বিতীয় ঢেউয়ে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ৫ এপ্রিল লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে স্পিডবোট ও ট্রলারও চলাচলেও নিষেধাজ্ঞা আসে।
বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক শাহাদাত হোসেন বলেন, সকাল থেকে ৮০টি লঞ্চ চলাচল করছে। ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলছে সব লঞ্চ। স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পার করার চেষ্টা চলছে। তবে স্পিডবোট এখনও চালু হয়নি।
লঞ্চ চলা শুরু হওয়ায় ফেরিতে যাত্রীর চাপ কমেছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক আহাম্মদ আলী।
