কেরানীগঞ্জে ঘরে ‘স্ত্রী ছিল বাঁধা’, পড়েছিল স্বামীর লাশ
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক বসতঘরে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে উপজেলার শুভাঢ্যা উত্তরপাড়ার মসজিদ পাড়ার বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে তার স্ত্রীকে বেঁধে রাখা হয়েছিল বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আইয়ুব আলী।
পূর্ব শত্রুতার জেরে শুক্রবার রাতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানান তিনি।
নিহত মো. মারুফ কাজী (৩০) ওই এলাকার মো. মাসুদ কাজীর ছেলে। স্ত্রী ও এক মেয়ে নিয়ে তাদের ওই বাড়িতে বসবাস করতেন তিনি। পাশের আরেকটি বাড়িতে তার মা-বাবা বাস করতেন।
ওই বাড়ির আরও দুই ভাড়াটিয়ার বরাত দিয়ে এসআই আইয়ুব জানান, ওই বাড়ির আরও দুই ভাড়াটিয়া সকালে ঘুম থেকে উঠে দেখে মারুফকে কে বা কারা খুন করে তার স্ত্রীকে বেঁধে রেখেছে।
সংবাদ পেয়ে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের মাথায় ধাঁরালো অস্ত্রের আঘাতসহ পাঁচটি রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও নিহতের হাত-পা বাঁধা ছিল বলেন এসআই।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে এসআই আইয়ুব জানান, মারুফ ও তার স্ত্রীর সম্পর্ক খুব ভালো ছিল না। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা লেগেই থাকত। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রীসহ তার আটজন বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় তদন্ত চলছে ও থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
