ময়মনসিংহে হেফাজতের দুই নেতা রিমান্ডে
ময়মনসিংহে হেফাজতে ইসলামের দুই নেতাকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
সোসবার বিকাল সাড়ে ৩টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুম মিয়া প্রত্যেকর জন্য একদিন করে রিমান্ড মঞ্জুর করেন বলে আদালতের পুলিশ পরিদর্শক প্রসূন কান্ত দাস জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন, হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির খালেদ সাইফুল্লাহ সাদী (৬৪) এবং ইত্তেফাকুল উলামার ময়মনসিংহ জেলা কমিটির যুগ্ম সম্পাদক মনজুরুল হক।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ্ কামাল আকন্দ জানান, গত ২৮ মার্চ নগরীর চরপাড়া মোড় এলাকায় পুলিশের উপর হামলা, পুলিশ বক্স ভাংচুর এবং বিভিন্ন নাশকতার ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর পুলিশ বাদী হয়ে দু'জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের পর রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়।
এর আগে গত রোববার দুপুরে খালেদ সাইফুল্লাহকে ময়মনসিংহ সদর উপজেলার মাইজবাড়ির শাওতুল হেরা মাদ্রাসা থেকে এবং মনজুরুল হককে নগরীর ছোট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
