রিসোর্ট কাণ্ড: তিন মামলায় মামুনুলের রিমান্ড শুনানি ৯ মে
ধর্ষণসহ পৃথক তিনটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আগামী ৯ মে এই আবেদনের শুনানির দিন রাখা হয়েছে।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহমেদ হুমায়ুন কবীরের আদালতে এই আবেদন করা হয়।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ৯ মে ভার্চ্যুয়াল কোর্টে জেলহাজত থেকে মামুনুল হকের বক্তব্য শুনে তাকে গ্রেপ্তার ও রিমান্ড শুনানির বিষয়ে কার্যক্রম গ্রহণ করবে আদালত। আর ভার্চ্যুয়াল কোর্ট না থাকলে আসামিকে সশরীরে আদালতে হাজির করা হলে আসামির উপস্থিতিতে আদালত আদেশ দেবে।
মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এছাড়া সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হামলা ও ভাংচুরের মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে ৭ দিনের এবং সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শোন অ্যারেস্ট দেখিয়ে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানান আসাদুজ্জামান।
গত ৩ এপ্রিল সোনারগাঁয়ে রয়েল রিসোর্টের একটি রুমে মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করে স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে মামুনুলকে জিজ্ঞাসাবাদ করে। খবর পেয়ে হেফাজত ও মাদ্রাসার ছাত্ররা ওই রিসোর্টে হামলা ও ভাংচুর চালিয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।
পরে হেফাজতের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভাংচুর করেন। এ সময় তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ এবং শতাধিক যানবাহন ভাংচুর করেন। স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়েও এ সময় ভাংচুর করা হয়।
