২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার হেফাজত নেতাদের বিরুদ্ধে থানায় স্থানীয় এমপির অভিযোগ

স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে সদর মডেল থানায় অভিযোগ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য উবায়দুল মোকাতাদির চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2021, 10:24 PM

Updated : 10 Oct 2022, 05:56 PM

শনিবার সন্ধ্যায় সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নথিভুক্ত করার জন্য এজহারটি সাংসদ মোকতাদিরের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবদুল জব্বার মামুন জমা দেন বলে জানিয়েছে পুলিশ।

এজাহারে জেলা হেফাজতের সভাপতি মাওলানা সাজিদুর রহমান এবং সাধারণ সম্পাদক মুফতি মুবারক উল্লাহসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ’ জনকে আসামি করা হয়েছে।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান বলেন, এজহারের বিষয়টি নিয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করে মামলাটি রেকর্ড করা হবে।

ঘটনার এক মাসের বেশি সময় পর দেওয়া এ এজহারে বলা হয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সরকার উৎখাতের ষড়যন্ত্র ও পরিকল্পনার অংশ হিসেবে আগ্নেয়াস্ত্র ও গান পাউডারসহ বিভিন্ন দাহ্য পদার্থ ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ ক্ষতিসাধন করে তারা।

মাওলানা সাজিদুর রহমান ও মুফতি মুবারক উল্লাহসহ অন্যান্য আসামিদের নির্দেশে বিভিন্ন ফেইসবুক পেইজ, আইডি ও নিউজ পোর্টালে সাইবার সন্ত্রাস সংগঠিত করে রাষ্ট্রদ্রোহিতামূলক, বিদ্বেষ ও ঘৃণামূলক স্ট্যাটাস দিয়ে জনসাধারণের মাঝে উত্তেজনা সৃষ্টি করা হয়। এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে অভিযোগ করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে তিন দিন ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডবের ঘটনায় ৫6টি মামলা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত ৩৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।