বগুড়ায় ধানক্ষেতে মিলল নিখোঁজ যুবকের লাশ
বগুড়ার বারপুরে ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১১টায় তার লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত মশিউর রহমান সোনা মিয়া (৩০) ওই এলাকার দক্ষিণ পাড়ার নান্নু মিয়ার ছেলে। পেশায় দলিক লেখক ছিলেন তিনি।
শনিবার সকালে লাশটি উদ্ধারের কথা উল্লেখ করে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নান্নু খান জানান, মশিউর গত বৃহস্পতিবার নিখোঁজ হন। তবে তার স্ত্রী শুক্রবার থানায় লিখিত অভিযোগ দেন।
“লাশ উদ্ধারের সময় তার বুকে আমরা একটি চাকুও পাই। আমাদের ধারণা, যে ক্ষেতে লাশ পেয়েছি তার থেকে আনুমানিক ২০ ফুট দূরে তাকে হত্যা করা হয়। তারপর ক্ষেতে লাশ ফেলে যায়।”
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা বলেন, লাশ থেকে যেভাবে গন্ধ ছড়িয়েছে, আমাদের ধারণা বৃহস্পতিবার তাকে হত্যা করা হয়েছে।
নিহতের স্ত্রী সোনিয়া বেগম জানান, বৃহস্পতিবার রাতে মশিউর এশার নামাজ পড়ে বের হন।
“তার কারও সাথে কোনো রকম ঝামেলা ছিল না। তবে তার মুহরির কাজের লাইসেন্সের জন্য এক ব্যক্তিকে এক লাখ টাকা দেয় এবং একজনের থেকে তিনি ৩ হাজার টাকা পেত।”
স্থানীয়রা বাসিন্দা শফি মাহমুদ জানান, স্থানীয় একজন বারপুরের ধানক্ষেতে কাজ করতে এসে প্রথম লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এদিকে, সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, “আমরা ঘটনাস্থলে কাজ করছি। সদর থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একাধিক টিমও কাজ করছে। আশা করছি খুব দ্রুত আমরা রহস্য উদঘাটন করব।”
