কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক
কুড়িগ্রামের রৌমারী উপজেলা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের পর এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।
আটক রাশেদুল ইসলাম (২৬) উপজেলার দাতভাঙ্গা ইউনিয়নের ছাট কড়াইবাড়ী গ্রামের আবুল হাসেমের ছেলে।
বিজিবি ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা ক্যাম্পের নায়েক সুবেদার মিজানুর রহমান বলেন, “সীমান্তে মাদক ও গরু পাচারের সময় বিএসএফ এক বাংলাদেশিকে আটক করেছে বলে জানিয়েছে। তবে করোনাভাইরাসের কারণে বিএসএফ পতাকা বৈঠক করেনি।”
বিএসএফ সদস্যরা জানান, শুক্রবার বিকালে রাশেদুলসহ কয়েকজন বাংলাদেশি দাঁতভাঙ্গা ইউনিয়নে ১০৫৬ মেইন পিলারের কাছে সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে যান। সন্ধ্যার পর মাদকদ্রব্য নিয়ে ফেরার সময় ভারতের গুটালু-৬ বিএসএফ ফাঁড়ির সদস্যরা ধাওয়া করে রাশেদুলকে আটক করেন। অন্যরা পালিয়ে আসেন।
রাশেদুলকে কিভাবে ফিরিয়ে আনা হবে অথবা তার বিরুদ্ধে বিএসএফ কী পদক্ষেপ নেবে সে বিষয়ে কিছু বলতে পারেননি নায়েক সুবেদার মিজানুর রহমান।
