২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: ছয়শ শ্রমিক ত্রাণ পেল গাজীপুরে

করোনাভাইরাস মহামারীতে লকডাউনে কর্মহীন গণপরিবহন শ্রমিকদের ত্রাণ দিয়েছে গাজীপুর জেলা প্রশাসন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2021, 05:37 PM

Updated : 02 Aug 2022, 05:43 PM

বৃহস্পতিবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

শহরের রাণী বিলাসমনি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে ৬শ গণপরিবহন শ্রমিককে এসব ত্রাণ বিতরণ করা হয়।

প্রতিজনকে আট কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি ডাল, এক লিটার তেল ও দুই কেজি লবণ দেওয়া হয়েছে।

এ সময় জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকারের ঘোষিত লকডাউনের কারণে যেসব পেশাজীবী কর্মহীন হয়ে কষ্টে দিনযাপন করছেন তাদের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তালিকা করা হচ্ছে। তালিকা অনুযায়ী সবাই ত্রাণ সহায়তা পাবেন।

এছাড়া প্রতিনিদিন যেসব অসহায় লোক সরকারের বিভিন্ন হটলাইনের মাধ্যমে অথবা সরাসরি জেলা প্রশাসনের কাছে খাদ্য সমস্যার কথা জানাচ্ছেন তাদের বাড়ি বাড়ি খাদ্য সহায়তার পৌছে দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

জেলা প্রশাসন এর আগে গত ২২ এপ্রিল ২শ গণপরিবহন শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছে।

ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।