কুষ্টিয়ায় ট্রাকচাপায় ব্যবসায়ীর মৃত্যু
কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-ঈশ্বর মহাসড়কের তালবাড়ীয়া-রানাখড়িয়া জ্যোতি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান।
মৃত মুলাম সর্দার (৩৬) উপজেলার নওদা গ্রামের আনসার আলী সর্দারের ছেলে। তিনি তালবাড়ীয়া বালি ঘাটের বালু ব্যবসায়ী।
ওসি বলেন, “ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।”
দর্ঘটনার পর পরই চালক ট্রাকসহ পালিয়ে যায়। ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
