২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে মাদক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে মাদক মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2021, 01:25 PM

Updated : 07 Apr 2022, 11:02 PM

গ্রেপ্তার রেজাউল করিম (৩২) টঙ্গীর নোয়াগাঁও হিমারদীঘির এলাকার মো. হোসেন আলীর ছেলে। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও ছাত্রলীগের টঙ্গী সরকারি কলেজ কমিটির সাধারণ সম্পাদক।

বুধবার গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. জাকির হাসান জানান, আগের রাতে টঙ্গীর নোয়াগাঁও সৈয়দ মুন্সী রোড এলাকা থেকে রেজাউলকে গ্রেপ্তার করা হয়।

জাকির বলেন, “সম্প্রতি টঙ্গীর হিমারদিঘী এলাকার হামিদ হাওলাদারের ছেলে জাকির হোসেনকে (২৫) মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ।পরে তার দেওয়া তথ্যে মঙ্গলবার রাতে পুলিশ জাকিরের ঘরের আলমারি থেকে পাঁচশ ইয়াবা উদ্ধার করে।

“পরে জিজ্ঞাসাবাদে জাকির পুলিশকে জানায় যে, রেজাউল তাকে ইয়াবা সরবরাহ করতেন এবং তা বিক্রির পর লাভের অংশ দুজন ভাগ করে নিতেন।”

পরে রাতে অভিযান চালিয়ে রেজাউলকে এবং টঙ্গীর হিমারদিঘী এলাকা থেকে জাকির হোসেনের ছোট ভাই মো. নবীন হোসেনকেও গ্রেপ্তার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

রেজাউলের গ্রেপ্তারের বিষয়ে ছাত্রলীগের টঙ্গী  সরকারি কলেজ কমিটির সভাপতি কাজী মঞ্জুর বলেন, তিনি রেজাউলের গ্রেপ্তার হওয়ার খবর শুনেছেন, তবে এ ব্যাপারে বিস্তারিত তার জানা নেই।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. ইলতুৎ মিশ জানান, রেজাউল কক্সবাজার থেকে মাদকের চালান এনে টঙ্গীসহ আশেপাশের মাদক ব্যবসায়িদের কাছে সরবরাহ করতেন। তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় চাঁদাবাজির মামলাও রয়েছে।