২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুকুরে মর্টার শেল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি পুকুরে একটি মর্টার শেল পাওয়া গেছে, যেটি মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2021, 04:31 PM

Updated : 02 Aug 2022, 05:42 PM

মঙ্গলবার সকালে শহীদ শামসুজ্জোহা হলের পূর্ব পাশের পুকুরে মর্টার শেলটি পাওয়া যায় বলে পুলিশ, র‌্যাব ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় মাছ চাষি মো. শরীফ মর্টার শেলটি পাওয়ার পর বধ্যভূমি পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করেন বলে জানিয়েছেন।

শরীফ জানান, রোববার পুকুরে মাছের খাবার দেওয়ার সময় পায়ে শক্ত বস্তুর আঘাত পান পান। তখন তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। সোমবার একই ঘটনা ঘটলে তিনি প্রতিবেশী তানজির আহমেদকে বিষয়টি জানান। এরপর তারা এসে বস্তুটি শনাক্ত করে পুলিশকে অবহিত করেন।

বধ্যভূমি পুলিশ ফাঁড়ির শিফট ইনচার্জ এসআই ফকরুল ইসলাম বলেন, “তারা এসে খবর দিলে আমরা মর্টারটি পুলিশ ফাঁড়ির পাশে এনে রাখি। বিষয়টি এখন র‌্যাব দেখভাল করছে।”

রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তালুকদার বলেন, “বধ্যভূমির পাশেই শহীদ শামসুজ্জোহা হলে পাক হানাদারদের ক্যাম্প ছিল। সেখান থেকেই ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি যুদ্ধকালীন সময়ের। মর্টার শেলটি তাজা না নিষ্ক্রিয় তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, মর্টার শেলটি ৮২ মিলিমিটার লম্বা। ঢাকার বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে কাল সকালের মধ্যে মর্টার শেলটি পরীক্ষা করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, “এলাকাটিতে নজরদারি থাকবে। পরবর্তীতে এ ধরনের কিছু উদ্ধার হলে ও আমাদের সক্ষমতা থাকলে মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে।”