২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: জেলা হেফাজত নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় গত মার্চে চালানো তাণ্ডবে জড়িত অভিযোগে হেফাজতে ইসলামের এক জেলা নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2021, 05:25 PM

Updated : 02 Aug 2022, 05:42 PM

রোববার রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুফতি জাকারিয়া জেলা হেফাজতে ইসলামের সহকারী প্রচার সম্পাদক।  

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন জানান, “রাতে জেলা পুলিশের বিশেষ একটি দল জাকারিয়াকে গ্রেপ্তার করে। গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত চালানো তাণ্ডবের ঘটনায় তিনি সম্পৃক্ত ছিলেন।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় একটি গোষ্ঠী, যাদের বেশিরভাগ ছিল মাদ্রাসা ছাত্র।

এই তাণ্ডবে ভূমি অফিস, রেলওয়ে স্টেশন, পৌর ভবন, থানাসহ বহু স্থাপনা ভষ্মীভূত ও ভাংচুর করা হয়। এসব ঘটনায় ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় এজহারনামীয় ৪১৪ জন আর অজ্ঞাতনামা ৩৫ হাজারেরও বেশি আসামি রয়েছে।