২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চৌগাছায় তরুণী গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

যশোরের চৌগাছায় এক যুবকের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2021, 04:28 PM

Updated : 02 Aug 2022, 05:42 PM

রোববার রাত ১১টার দিকে স্বামীর চিৎকার শুনে প্রতিবেশীরা ১৮ বছর বয়সী এই গৃহবধূর মারা যাওয়ার খবর পান।

এই ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী ইমরান হোসেন (২২) ও শাশুড়ি বিলকিস বেগমকে আটক করেছে।

স্বামী এই ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করলেও পুলিশ ‘হত্যা’ বলে ধারণা করছে।

প্রতিবেশীর বরাত দিয়ে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, রোববার রাত ১১টার দিকে স্ত্রী আত্মহত্যা করেছে বলে চিৎকার করতে থাকে তার স্বামী ইমরান। প্রতিবেশীরা এগিয়ে দেখে মরদেহ ঘরের মেঝেতে শোয়ানো।

“সংবাদ পেয়ে পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট করার সময় সন্দেহ হয়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

ওসি আরও বলেন, “লাশের সুরতহাল দেখে প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলে মনে হয়নি। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সে কারণেই দুই জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বাকিটা জানা যাবে।”

গৃহবধূর মা সাংবাদিকদের বলেন, “এক বছর আগে ইমরানের সাথে আমার মেয়ের বিয়ে হয়। ভালোই চলছিল তাদের সংসার। হঠাৎ কী হলো বুঝলাম না।”

রোববার ইফতারের দশ মিনিট আগেও মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে বলে জানান তিনি।